‌বিয়ে করলেন দক্ষিণী ‘লেডি সুপারস্টার’ নয়নতারা

আপডেট : ০৯ জুন ২০২২, ০৫:৪৪ পিএম

বিয়ে করলেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করলেন তিনি। দীর্ঘ সাত বছর ধরে প্রেম করে আসছিলেন তারা। বৃহস্পতিবার (৯ জুন) সকালে সেই প্রেমের পরিণয় মিলল। তামিল নাড়ুর মহবালিপুরামের প্লাশ হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে আজ বিয়ে করেছেন নয়নতারা-বিগেনেশ। বিয়েতে কোনো মিডিয়া প্রবেশের অনুমতি পায়নি। বিশেষ এই দিনে স্বামী বিগনেশকে নয়নতারা লাল রঙের একটি ফেরারি গাড়ি উপহার দিয়েছেন।

একটি সূত্রের বরাত দিয়ে পিংকভিলা জানিয়েছে, আজ সকাল ৮টা ১০ মিনিটে শুরু হয় নয়নতারা-বিগনেশের বিয়ের আনুষ্ঠানিকতা। মনিকার ডিজাইন করা পোশাকে বর-কনে সাজেন তারা। শোবিজ অঙ্গনের অনেক তারকাই বিয়েতে যোগ দিয়েছেন। আমন্ত্রিত অতিথি ছাড়া অন্য কারো প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তারপর থেকে চুটিয়ে প্রেম করছিলেন এই যুগল। অবশেষে দীর্ঘ ৭ বছরের প্রেম পরিণয় পেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত