২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন

আপডেট : ১৩ জুন ২০২২, ০৪:০২ এএম

পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের এসএসসি ও সমমানের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। ওইদিনের এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৪ জুন, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গতকাল রবিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার বিভিন্ন তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, গত বছরের তুলনায় এবার মোট শিক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন হবে ২৫ জুন। ওইদিন সারা দেশে নানা ধরনের অনুষ্ঠান হবে। তাতে পরীক্ষার্থীদের বা পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য ২৫ জুনের পরীক্ষা ২৪ জুন নেওয়া হবে। পরীক্ষাসূচি ঘোষণার পর পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঠিক করা হয়েছে। সেজন্যই পরীক্ষা এক দিন এগিয়ে আনা হলো।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ২৯ হাজার ৫৯১ শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। সারা দেশের ৩ হাজার ৭৯০ কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হবে। এবারের পরীক্ষায়ও ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি। ছেলেদের সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৫১১ এবং মেয়েদের সংখ্যা ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন। এবার মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি আর কেন্দ্র বেড়েছে ১১১টি। বিদেশের আটটি কেন্দ্রে অংশ নেবে ৩৬৭ জন।

দীপু মনি বলেন, ‘২০২১ সালের তুলনায় ২০২২ সালে শিক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রতি বছর সাধারণত দুই থেকে আড়াই লাখ অনিয়মিত পরীক্ষার্থী থাকে। কিন্তু গত দুই বছরের মধ্যে একবার শতভাগ পাস করেছে। আরেকবার পাসের হার ছিল প্রায় ৯৪ শতাংশ। সে কারণে অনিয়মিত শিক্ষার্থী নেই। এছাড়া যারা রেজিস্ট্রেশন করেছে, তাদের হয়তো সবাই ফরম পূরণ করেনি।’ তবে এবার গত বছরের তুলনায় বিজ্ঞানের শিক্ষার্থী ১ হাজার ৪০৫ জন বেড়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

১৯ জুন থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, শেষ হবে আগামী ৬ জুলাই। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি ও সমমান পরীক্ষার জন্য ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। কোচিং সেন্টারগুলোকে নজরদারির আওতায় আনা হবে। এমনিতে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকে। তবে যারা গোপনে খোলা রাখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

দীপু মনি জানান, এবার পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করা হয়েছে। এর মধ্যে এমসিকিউ অংশের জন্য ২০ মিনিট ও সৃজনশীল অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট বরাদ্দ থাকবে। আগের মতোই ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্টদের প্রশ্নের সেটকোড জানানো হবে। পরীক্ষা কেন্দ্রে কেউ ফোন বা ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করতে পারবে না। শুধু কেন্দ্রসচিব একটি সাধারণ মানের ফোন ব্যবহার করতে পারবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘শিক্ষকদের অনৈতিক কোচিং বন্ধ করা হবে। যারা শিক্ষার্থীদের প্রাইভেট কোচিং করাতে বাধ্য করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদনহীন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারটি আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।’ নতুন এমপিওভুক্ত ঘোষণার ব্যাপারে তিনি বলেন, ‘শিগগিরই এমপিওভুক্তির ঘোষণা করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, ‘শিক্ষা আইন চূড়ান্ত করার কাজ চলছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে আমাদের কাজ শেষ হবে। এরপর তা আমরা মন্ত্রিসভা বৈঠকে পাঠাতে পারব বলে আশা করছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত