চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দিনের বিভিন্ন সময়ে এসব বিক্ষোভ সমাবেশ করেন দলের স্থানীয় নেতাকর্মীরা। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন :
সাভার : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। গতকাল সকালে ধামরাই পৌর শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে একই স্থানে সমাবেশ করেন তারা।
ভালুকা (ময়মনসিংহ) : গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে ময়মনসিংহের ভালুকা উপজেলা ও পৌর বিএনপি। পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
হাকিমপুর (দিনাজপুর) : বিক্ষোভ সমাবেশ করেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি। গতকাল সকালে হিলি বাজারের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। উপজেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
দাউদকান্দি (কুমিল্লা) : গতকাল সকালে কুমিল্লার গৌরীপুর-হোমনা সড়কের কড়িকান্দি বাজারে বিক্ষোভ সমাবেশ করে তিতাস উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লা এতে সভাপতিত্ব করেন।
