আওয়ামী লীগ ভোট লুটের প্রস্তুতি নিয়েছে : কায়সার

আপডেট : ১৫ জুন ২০২২, ০২:১৪ এএম

সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেছেন, ‘আওয়ামী লীগের প্রার্থী ভোট লুটের প্রস্তুতি নিয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) লুটেরাদের ভোট চুরিতে সহযোগিতা করবে না, এটা জনগণ দেখতে চায়।’

বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র এই প্রার্থী গতকাল মঙ্গলবার রাতে দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভোট লুট করতে দেব না। নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত মাঠে থাকব। মৃত্যু ছাড়া কেউ আমাকে ভোটের মাঠ থেকে সরাতে পারবে না।’

সুষ্ঠু ভোটের বিষয়ে ভোটারদের আশ্বস্ত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান কায়সার। তিনি বলেন, ‘কুমিল্লার মানুষকে দানবীয় শাসন থেকে মুক্ত করার জন্য যখন মাঠে নেমেছি তখন আমাকে ঠেকানোর জন্য নৌকার ডামি প্রার্থী দেয়াল ঘড়ির প্রতীকের প্রার্থী গুজবগুলো ছড়াচ্ছে যে আমি মাঠ ছেড়ে দেব। আমি শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। ফলাফল নিয়ে ঘরে ফিরব।’

কুমিল্লার রাজনীতিতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন জানিয়ে কায়সার বলেন, ‘জনতা আমার সঙ্গে আছে, গণজোয়ার আমার সঙ্গে আছে। কুমিল্লার মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের প্রতীক হচ্ছে ঘোড়া। ঘোড়ার জয় হলে জনতার জয় হবে। জনতার জয় হলে যে রায় আসবে, সেই রায় আমি মেনে নেব।’

নির্বাচনে কালো টাকা ছড়ানো প্রসঙ্গে কায়সার বলেন, ‘অন্য প্রার্থীর স্ত্রীদের কথা অনুযায়ী, আমার কাছে টাকাপয়সা নেই। টাকাপয়সা না থাকলে কালো টাকা ছড়ানোর সুযোগও নেই। নির্বাচনী হলফনামা অনুযায়ী, ভোটে ব্যয় সীমাবদ্ধতা আছে। তাদের অনেক শিল্পপ্রতিষ্ঠান আছে, তারা যদি শতকোটি টাকা ছড়ায়। এগুলো কুমিল্লার মানুষের টাকা। এ টাকা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। যাকে কালো টাকা দেবে, নিয়ে যাবেন। ভোট কিন্তু পরিবর্তনের জন্য দেবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত