দক্ষিণ এশিয়ার মধ্যে স্বপ্ন প্রথম রিটেইলার, যারা গ্লোবাল গ্যাপের মেম্বারশিপ অর্জন করেছে। স্বপ্ন ২০১৮ সাল থেকে যশোর জেলার হরিবতপুর ইউনিয়নের কৃষকের সঙ্গে গ্যাপ প্রটোকল মেনে সবজি উৎপাদন শুরু করে। এসব সবজি খামার পরিদর্শনে ও এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কৃষকদের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেন ইউএসএইআইডির ডেপুটি মিশন ডিরেক্টর র্যান্ডি আলী। এ সময় স্বপ্নর পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান এবং স্বপ্নর হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো. মাহাদী ফয়সাল।
গ্লোবাল গ্যাপ স্বীকৃত যশোর অঞ্চলের এসব সবজি বাজারজাতের জন্য স্বপ্ন ‘শুদ্ধ’ নামক একটি প্রাইভেট লেভেল ব্যান্ড প্রতিষ্ঠা করে। দীর্ঘ প্রশিক্ষণ, প্রস্তুতি আর পরীক্ষা শেষে সম্প্রতি শুদ্ধর ৫০ জন কৃষক এবং তাদের উৎপাদিত ৭টি ফসল গ্লোবাল গ্যাপের সনদ লাভ করে।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে বলেন, কৃষক এবং ক্রেতার সংযোগ সেতুর নাম স্বপ্ন। নিরাপদ খাদ্যের সংজ্ঞার মধ্যে পড়ে স্বচ্ছতা। কী কীটনাশক ব্যবহৃত হচ্ছে তার অবশেষ যাতে ফসলে না থাকে, তার জন্য প্রয়োজনীয় পিএইচআই মানা হচ্ছে কি না, তা গুরুত্বপূর্ণ । গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন একটি বিশ^মানের অর্জন, যা প্রমাণ করে এই স্বচ্ছতা। ধন্যবাদ ইউএসএইডকে, আমাদের এ প্রয়াসের সঙ্গে সব সময় পাশে থাকার জন্য।
মাহাদী ফয়সাল জানান, শুদ্ধর এই ৭টি ফসলের জন্য ৭টি আলাদা গ্যাপ নম্বর আছে, যা দিয়ে বিশে^র যেকোনো প্রান্ত থেকে এই ৭টি ফসলের উপাদান সম্পৃক্ত সব তথ্য জানা যাবে। বাংলাদেশে উৎপাদিত সবজি এখন ইউরোপ কিংবা আমেরিকার হাই মার্কেটে প্রতিযোগিতা করতে পারবে। এরই মধ্যে দেশের নম্বর ওয়ান সুপারশপ স্বপ্ন এখন হংকং, লন্ডনে সবজি ও ফল রপ্তানি শুরু করেছে।
