শাহবাজ ও ইমরানের চেয়ে তাদের স্ত্রীদের সম্পদ বেশি

আপডেট : ১৭ জুন ২০২২, ০২:১২ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চেয়ে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বেশি। একই অবস্থা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানেরও। পাকিস্তানের নির্বাচন কমিশনে (ইসিপি) জমা দেওয়া চলতি অর্থবছরে সম্পদের বিবরণীতে এসব তথ্য উঠে এসেছে।

দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, চলতি বছর ৩০ জুন পর্যন্ত সম্পদের বিবরণী অনুযায়ী, ইমরান খানের ২ লাখ পাকিস্তানি রুপি মূল্যের চারটি ছাগল রয়েছে। তার মালিকানায় মোট ছয়টি স্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে রাজধানী ইসলামাবাদের বানিগালা আবাসিক এলাকায় ৩৭ একরের একটি বাগানবাড়ি রয়েছে। উত্তরাধিকার সূত্রে ইমরানের মালিকানায় আছে লাহোরের জামান পার্কে ৬০০ একর কৃষি ও অকৃষি জমি। পাকিস্তানের বাইরে ইমরান খানের কোনো সম্পত্তি নেই বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে। এমনকি তার নামে কোনো বিনিয়োগ করা হয়নি। পাকিস্তানের ব্যাংক  অ্যাকাউন্টগুলোতে তার ৬ কোটি পাকিস্তানি রুপির বেশি অর্থ রয়েছে। আর বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৩ লাখ ২৯ হাজার ১৯৬ ডলার (প্রায় ৭ কোটি পাকিস্তানি রুপি) ও ৫১৮ পাউন্ড। তবে ইমরানের ব্যক্তিমালিকানায় কোনো গাড়ি নেই।

ইমরানের স্ত্রী বুশরা বিবির মোট সম্পদের মূল্য ১৪ কোটি ২১ লাখ ১০ হাজার রুপি। বানিগালায় একটি বাড়িসহ তার মোট চারটি সম্পত্তি রয়েছে। সব মিলিয়ে স্বামী ইমরান খানের চেয়ে তার সম্পদের পরিমাণ বেশি বলে উল্লেখ করা হয়েছে সম্পদ বিবরণীতে।

এদিকে শাহবাজ শরিফের প্রথম স্ত্রী নুসরাত শাহবাজের ২৩ কোটি ২ লাখ ৯০ হাজার রুপির সম্পদ রয়েছে। এছাড়া তার মালিকানায় নয়টি কৃষি সম্পদ, লাহোর ও হাজারা অঞ্চলে একটি করে বাড়ি এবং নানা খাতে বিনিয়োগ রয়েছে। বুশরা বিবি ও নুসরাত শাহবাজ কারোরই গাড়ির নেই। আর শাহবাজের দ্বিতীয় স্ত্রী তাহমিনা দুররানি বেশ কয়েক বছর ধরে ৫৭ লাখ ৬০ হাজার রুপির সম্পদের মালিক। কয়েক বছর ধরে তিনি একই গাড়ি ব্যবহার করছেন।

প্রধানমন্ত্রী শাহবাজের সম্পদের বিবরণী অনুযায়ী, তার সম্পদের চেয়ে দায়ের পরিমাণ বেশি। চলতি অর্থবছরে শাহবাজের মোট সম্পদের মূল্য ১০ কোটি ৪২ লাখ ১০ হাজার রুপি। অন্যদিকে তার মোট দায়ের পরিমাণ ১৪ কোটি ১৭ লাখ ৮০ হাজার রুপি। তার মালিকানায় প্রায় ৬৮ একরের কৃষিজমি এবং মুরে ও লাহোর শহরে দুটি বাড়ি রয়েছে। এদিকে লন্ডনেও শাহবাজের একটি বাড়ি রয়েছে। সেটির মূল্য ১৩ কোটি ৭৪ লাখ ৩০ হাজার রুপি। পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগ, ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২ কোটি রুপি ও দুটি গাড়ি রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নামে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাব বলছে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের শতকোটিপতিদের তালিকায় রয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ ১৬০ কোটি। তবে এই সম্পদের বেশিরভাগই রয়েছে পাকিস্তানের বাইরে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তার ২৫টি সম্পত্তির পরিমাণ ১৪৪ কোটি রুপি। পাকিস্তানে বিলাওয়ালের রয়েছে ১৯টি কৃষি ও অকৃষি জমি, ব্যাংকে ১২ কোটি ২১ লাখ ৪০ হাজার রুপি ও ৩০ লাখ রুপির অস্ত্রশস্ত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত