শিবচরে সাপের কামড়ে আ. লীগ নেতার স্ত্রীর মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২২, ০৯:১৭ এএম

মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে সাবিকুন নাহার (৪০) নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের তাহের মাদবরের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবিকুন নাহার ওই গ্রামের রিপন মাদবরের স্ত্রী। রিপন মাদবর শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক।

পরিবারের সদস্যরা জানান, রাতে এশার নামাজ পড়ে খাট থেকে নিচে নামছিলেন সাবিকুন। খাটের নিচে থাকা সাপ তাকে পর পর দুইটি কামড় দেয়। এ সময় তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কাছাকাছি গেলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় ফিরোজুর রহমান বলেন, নিহতের ৭ বছর বয়সের একটি ছেলে ও ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম ব্যাপারী বলেন, ‘নিহত ব্যক্তি নামাজ পড়ে নামার সময় হয়তো সাপের ওপরে পা পড়েছিল। তখন তাকে একটি কামড় দেয়। সে আবার পা ঝাড়া দিয়ে সাপ ফেলে দিলে আবার সাপ তাকে কামড় দেয়। পরে তাকে মাদারীপুর নেওয়ার পথে সে মারা গেছেন বলে তার পরিবার আমাকে জানিয়েছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে মারা গেছেন বলে শুনেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত