১৬ বছরের ক্যারিয়ারের ইতি সাবেক আইরিশ অধিনায়কের

আপডেট : ১৭ জুন ২০২২, ১১:১৩ এএম

১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। বৃহস্পতিবার আন্তর্জাতিক ও স্বীকৃত ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলায় তৃতীয় স্থানে থেকে এবং দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে অবসরে গেলেন পোর্টারফিল্ড। ২০০৬ সালে অভিষেক হয় এই ওপেনিং ব্যাটারের।

গত জানুয়ারিতে দেশের জার্সিতে শেষবার দেখা যায় পোর্টারফিল্ডকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ক্যারিবিয়ান সফরে স্মরণীয় ওয়ানডে সিরিজ জেতে আয়ারল্যান্ড। আইরিশদের হয়ে মোট ৩১০ ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী তারকা।

২০০৮ সালে ট্রেন্ট জনস্টনের উত্তরসূরি হিসেবে নেতৃত্ব পান পোর্টারফিল্ড। দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন ২৫৩ ম্যাচে। আয়ারল্যান্ডকে সর্বোচ্চ নেতৃত্বও দিয়েছেন তিনি। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলে আইরিশরা। সেই ঐতিহাসিক টেস্টেও দেশকে নেতৃত্ব দেন পোর্টারফিল্ড।

২০১৯ সালের নভেম্বরে ১১ বছরের নেতৃত্ব ছাড়েন এই বাঁহাতি ব্যাটার। তার স্থলাভিষিক্ত হন অ্যান্ড্রু বালবির্নি। আয়ারল্যান্ডের অনেক ঐতিহাসিক জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পোর্টারফিল্ড। ১৪৮ ওয়ানডেতে ১১ সেঞ্চুরি আছে তার। ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় ১০৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ২০১৩ সালে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১১৩ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত