নরসিংদীতে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের চালক রব মিয়া (৩৫) ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত হয়েছে ১০ জন।
শুক্রবার সকালে ঢাকা- সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিলেট থেকে ঢাকা যাচ্ছিল আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। আর ঢাকা থেকে ভৈরবের দিকে যাচ্ছিল একটি ট্রাক ও প্রাইভেটকার। প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় পৌঁছালে ট্রাককে ওভারটেক করতে গেলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই বাসের চালক রব মিয়া মারা যান। আহত হয় ১০ জন। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যানবাহনগুলোকে সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করি। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
