ফ্রান্সিসকো টট্টি ও ড্যানিয়েল ডি রসির কথা বাদ দিলে রোমা খুব তারকাবহুল দল ছিল না কখনো। অবশ্য খেলোয়াড়ী জীবনে অনেক বছর স্তাদিও অলিম্পিকোতে ছিলেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি।
তবে এবার গর্ব করার মতো কোচ পেয়ে গেছে রোমান গ্ল্যাডিয়েটররা। যার অধীনে ৬০ বছর পর রোমান সাম্রাজ্যে এসেছে প্রথম ইউরোপিয়ান ট্রফি। প্রথম আসরেই রোমাকে ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা এনে দিয়েছেন মরিনহো।
পর্তুগিজ কোচের আনন্দাশ্রু রোমকেও কাঁদিয়েছে। দীর্ঘদিন পর একটি শিরোপা যে বিশাল কিছু তাদের জন্য, হোক না তা ইউরোপা তৃতীয় পর্যায়ের দলের লড়াই; প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার গর্ব কার ভাগ্যেই বা জুটে!
এই এক শিরোপা দিয়েই রোমবাসীর হৃদয় জয় করে ফেলেছেন ৫৯ বছর বয়সী কোচ। রোমাতেও বাড়ছে এই পর্তুগিজের প্রভাব। আর সেই প্রভাব এত বেশি যে, প্রথম ধাপেই মৌসুমের ৩৩ হাজার ৫০০ টিকিট বিক্রি করেছে ইতালিয়ান ক্লাবটি। যা ২০০৪ সালের পর সর্বোচ্চ।
এ তো সম্ভব, মরিনহো রোমে আছেন বলেই। ক্লাবটিও বেশ বড় সংখ্যক দর্শক আকর্ষণ করতে পেরেছে। প্রতি ম্যাচে ৬০ হাজারের মতো দর্শক রোমার খেলা দেখতে চেয়েছে। আর তা বাড়ছেই। মৌসুমের টিকিট নবায়নের প্রক্রিয়াও শুরু হয়েছে ১৮ মে থেকে।
গত বছর যাদের কাছে টিকিট ছিল তাদের ৯৩.৮ শতাংশ নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন। নতুনদের মধ্যে ১৩ হাজার বিশ্বাসী স্তাদিও অলিম্পিকোতে হোম ম্যাচ দেখার ব্যাপারে।
