মুক্ত আসরের ‘কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’ বইয়ের আলোচনা

আপডেট : ১৮ জুন ২০২২, ০৯:৪৪ পিএম

মুক্তিযুদ্ধের সময়ে ১৯৭১ সালের ১ আগস্টে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পণ্ডিত রবি শংকর ও জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজন করা হয় বিশ্বের প্রথম সেবামূলক কনসার্ট ‘কনসার্ট ফর বাংলাদেশ’।

এই উদ্যোগের ৫০ বছর পূর্তিতে ‘কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’নামে একটি প্রকাশ হয়েছে। বইটি যৌথভাবে করেছেন বাংলাদেশি লেখক-গবেষক আবু সাঈদ ও ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের লেখক-গবেষক প্রিয়জিৎ দেব সরকার।

ঢাকার রাজধানীর কাঁটাবনের কবিতা ক্যাফেতে শুক্রবার মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠক ‘মুক্ত আসর’ বইটি নিয়ে আলোচনার আয়োজন করে।

জর্জ হ্যারিসনের গাওয়া বাংলা দেশ গানটির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সূচনা বক্তব্য দেন স্বপ্ন ’৭১ প্রকাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা ঈশিতা। লেখক প্রিয়জিৎ দেব সরকারকে উত্তরীয় ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য, ইতিহাসবিদ ড.এ কে এম শাহনাওয়াজের সভাপতিত্বে বইয়ের আলোচনা শুরু হয়।

আলোচনায় প্রিয়জিৎ দেব সরকার বলেন, ‘মুক্ত আসরের সঙ্গে আমার সম্পর্ক ২০১৫ সাল থেকে। নানা উদ্যোগের সঙ্গে কাজ করছি। করোনার সময়ে আমরা বেশ কিছু ভালো উদ্যোগ সফলভাবে সম্পন্ন করি।তখন আমরা সিদ্ধান্ত নিই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সারা বিশ্বে কি ধরনের কাজ হয়েছে, সেটার ওপর আমরা কথা করব। দেখা গেল, বিশ্বের প্রথম সেবামূলক কনসার্ট নিয়ে বিভিন্ন প্রবন্ধ–নিবন্ধ প্রকাশিত হয়েছে। কিন্তু বই আকারে তা প্রকাশিত হয়নি। আমরা বিভিন্ন তথ্য–লেখা সংগ্রহ করার কাজ শুরু করি। প্রায় তিন বছর পর বইটির আলোর মুখ দেখে। আমরা চাই, এই বই বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক।’

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেন, ১১২ পৃষ্ঠার আকারে ছোট হলেও এটি একটি গুরুত্বপূর্ণ বই। বইয়ের তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে।

অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বলেন, ‘ছোট এই বইটিতে প্রতিটি শব্দে একটি দায়িত্বশীলতা রয়েছে। ছোট কিন্তু অনেক বড় একটি ক্যানভাস এই বইটিতে। আমি পড়েছি এবং বিস্মিত হয়েছি। কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জানতাম না, এই বইয়ের মাধ্যমে জেনেছি।

আবু সাঈদ বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের বীরত্ব কাহিনিগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। এই বইটির মাধ্যমে আমরা তা করার চেষ্টা করছি। ‘কনসার্ট ফর বাংলাদেশ’ বিশ্বজনমত গঠনের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখে। আমরা চেষ্টা করেছি, দুই বন্ধু পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের এই উদ্যোগের সঙ্গে যেসব বিশ্বখ্যাত তারকারা যুক্ত ছিলেন তাদের কথাগুলো তুলে ধরতে। বইটি ইংরেজি ও স্প্যানিশ ভাষায় প্রকাশিত করে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য কাজ করছি।

অনুষ্ঠানে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদের কৃতজ্ঞতা ভরে স্মরণ করা হয়। পাঠক পর্বে বক্তব্য রাখেন মুক্ত আসরের উপদেষ্টা ফারাহ দিবা আহমেদ, সাবেক সচিব সাইদুর রহমান, এবিসি রেডিও নাদিয়া নিতুল ইসলাম, ইশরাত জাহান, কে জামান পূর্ণিমা, দেবব্রত নীল,নিঝুম,পুলক, শিবমসহ প্রমুখ।

আলোচনা ও পাঠকের প্রশ্ন উত্তর শেষে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী উম্মে রুমা ট্রফি ও মুক্ত আসরের সাংস্কৃতিক সম্পাদক শায়লা রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর ও শিক্ষা বিষয়ক সম্পাদক নাফিজা রহমান মৌ। বইটি প্রকাশিত হয় স্বপ্ন’৭১ প্রকাশন থেকে। মূল্য ২৮০ টাকা।

বইয়ের আলোচনা অনুষ্ঠানের সহআয়োজক ছিল স্বপ্ন ’৭১ প্রকাশন ও বইবিষয়ক ম্যাগাজিন ‘বইচারিতা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত