বন্যাকবলিত এলাকায় ব্যাংক বন্ধ

নিকটস্থ শাখায় মিলবে জরুরি ব্যাংকিং সেবা

আপডেট : ১৯ জুন ২০২২, ১১:৪৯ পিএম

সিলেট, সুনামগঞ্জসহ উত্তরের বেশ কয়েকটি জেলায় বন্যার পানি বাড়ছে। অনেক স্থানে ব্যাংকের শাখা, উপশাখা, অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ বন্যার পানিতে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে যেসব ব্যাংক শাখা ও উপশাখায় লেনদেন করা সম্ভব হচ্ছে না তা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একই সঙ্গে বন্ধ রাখা শাখা ও উপশাখার গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ অন্যান্য কয়েকটি জেলায় নদ-নদীর পানি অস্বাভাবিক বাড়ার কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। যেসব শাখা ও উপশাখায় বন্যাজনিত কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেই সব শাখা ও উপশাখার কার্যক্রম বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ব্যাংক।

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পরপরই গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা ও উপশাখা থেকে ব্যাংকিং সেবা দেওয়ার ব্যবস্থা করতেও নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বন্যা পরিস্থিতির অবনতির কারণে গত শনিবার সিলেট ও সুনামগঞ্জের চারটি শাখা বন্ধ রাখার ঘোষণা দেয় ব্র্যাক ব্যাংক। শাখাগুলো হলো সিলেট উপশহর, বিশ^নাথ, দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জ শাখা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত