মেট্রো-ম্যাকসন্স নিয়ে এসইসির তদন্ত কমিটি

আপডেট : ১৯ জুন ২০২২, ১১:৪৯ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত একই গ্রুপের বস্ত্র খাতের দুই কোম্পানি মেট্রো স্পিনিং ও ম্যাকসন্স স্পিনিং মিলসের নানা অনিয়মের বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সম্প্রতি এসইসির অতিরিক্ত পরিচালক মো. কাওসার আলীকে প্রধান করে চার সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। 

তদন্ত কমিটি মেট্রো ও ম্যাকসন্স স্পিনিংয়ের অবণ্টিত লভ্যাংশ, বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত প্রতিবেদন ও বিগত তিন বছরের আর্থিক বিবৃতিসহ অন্যান্য সম্পর্কিত বিষয় তদন্ত করবে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন এসইসির উপপরিচালক মো. শাহনেওয়াজ, সহকারী পরিচালক আল ফরহাদ বিন কাশেম ও সহকারী পরিচালক মাহমুদুর রহমান। গঠিত কমিটি ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করবে।   

মেট্রো স্পিনিং ও ম্যাকসন্স স্পিনিং মিলসের বিরুদ্ধে যেসব বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে সেগুলো হলো- তালিকাভুক্তির পর থেকে কোম্পানিগুলোর অ্যাকাউন্টে অবণ্টিত নগদ লভ্যাংশ, আইপিওর বিপরীতে অফেরত পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ জমিয়ে রাখা; তালিকাভুক্তির পর থেকে কোম্পানি দুটির রক্ষণাবেক্ষণ করা এনটাইটেলমেন্ট এবং তার সম্পর্কিত সাসপেন্স বিও অ্যাকাউন্টে অবণ্টনকৃত বোনাস লভ্যাংশ রাখা; বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী তালিকাভুক্তির পর থেকে লভ্যাংশে কর্মীর অংশের (ডব্লিউএফপিপিএফ) অবস্থা এবং এ তহবিলের মুভমেন্টের তথ্য। কোম্পানি দুটির গত দুই বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিগত তিন বছরের আর্থিক বিবৃতি এবং এ বিষয়ের সঙ্গে সম্পর্কিত অন্য যে কোনো বিষয় খতিয়ে দেখবে এসইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত