ফেনী সদর উপজেলার লালপোলে ইয়াবা ট্যাবলেটসহ আকবর হোসেন সিফাত (২০) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাতে লালপোল এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে ৫৫০টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সিফাতের বাড়ি সদর উপজেলার কালিদহ ইউনিয়নের চেত্তরিয়া গ্রামে। তিনি কালিদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে লালপোল এলাকা থেকে ৫৫০টি ইয়াবাসহ সিফাতকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই কাজী মোকাব্বির হোসেন ফেনী মডেল থানায় মামলা করেছেন। স্থানীয়রা জানান, রাজনৈতিক পদপদবির আড়ালে সিফাত এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন। কালিদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রাজু জানান, ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটকের বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আসামিকে রবিবার (আজ) আদালতে পাঠানো হবে।
