ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। বানভাসি মানুষদের জন্য প্রার্থনা করছে পুরো দেশ। শোবিজ তারকারাও পাশে দাঁড়িয়েছেন বন্যার্তদের। ঢালিউড সুপারস্টার শাকিব খান গতকাল তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম ও ফেইসবুক পেজে লিখেছেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সংবাদমাধ্যম ও শুভাকাক্সক্ষীদের কাছ থেকে জেনেছেন, সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যাকবলিত মানুষদের দুর্দশা তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। শাকিব খান বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমি আমার সামর্থ্যরে মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি। ‘একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি, যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেইসব মানুষের সাময়িক সংকট মোকাবিলায়।’ প্রভাবশালী এ তারকা আরও বলেন, বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান- আপনারাও নিজেদের সামর্থ্যরে মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান। বন্যাকবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন [email protected]’
নন্দিত অভিনেত্রী জয়া আহসানও বন্যাকবলিত এলাকার ছবি এবং ভিডিও দেখে শিউরে উঠছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া লেখেন, ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। এই পরিস্থিতিতে হৃদয়ের অন্তস্তল থেকে সবার জন্য প্রার্থনা করছি, শিগগির প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সব মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক।’ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জয়া আহসান আরও বলেন, ‘প্রশাসনের সঙ্গে সঙ্গে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। দেশের সবাই এগিয়ে আসুন এবং সবাই মিলে একসঙ্গে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।’
অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের মন একদম ভালো নেই। নিজের ফেইসবুক প্রোফাইলে একের পর পর পোস্ট করছেন বন্যার্তদের নিয়ে। তিনি লিখেছেন, ‘যদি আপনার সামর্থ্য ৫০ টাকাও হয়, তাই দিয়ে অন্তত সাহায্য করুন।’ এই তিন তারকা ছাড়াও আরও অনেক শোবিজ তারকা ভক্ত ও সামর্থ্যবানদের অনুরোধ করেছেন বন্যার্তদের পাশে থাকতে।
গত শুক্রবার মুক্তি পাওয়া সিনেমা ‘অমানুষ’ টিমের উদ্যোগ সবাই খুব প্রশংসা করছেন। এ সিনেমার নায়ক নিরব হোসেন জানান, ‘প্রথম সপ্তাহে অমানুষ থেকে যত টাকার টিকিট বিক্রি হবে সমস্ত টাকা যাবে বন্যার্তদের কাছে। আমরা আমাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করছি। যারা পাশে থাকতে চান এখনই সময় এগিয়ে আসার।’ নিরব মনে করেন, দেশের সামর্থ্যবানদের উচিত সিলেট অঞ্চলের মানুষদের দুঃসময়ে এগিয়ে আসা। একই সপ্তাহে মুক্তি পাওয়া সিনেমা ‘তালাশ’ টিমও উদ্যোগ নেবে বলে জানিয়েছে। এ ছবির নির্মাতা সৈকত নাসির বলেন, ‘আমরা তালাশ-এর দুই দিনের টিকিটের টাকা ও ত্রাণ নিয়ে সিলেটে যাব এ সপ্তাহেই।’
শুধু তারাই নন, তহবিল গঠন ও সহায়তায় এগিয়ে এসেছেন জয়া আহসান, আসিফ আকবর, তাহসান খান, বাপ্পী চৌধুরী, মেহজাবীন, আফরান নিশো, সিথি সাহা, লিংকন, মাসুদ হাসান উজ্জ্বল, অপূর্ব, সাইমন সাদিক প্রমুখ। তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। ভক্তদের কাছে অর্থসহায়তা পাঠানোর মোবাইল নম্বর দিয়ে দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সংগীতশিল্পী আসিফ আকবর ফেইসবুকে লিখেছেন, ‘৮৮, ৯৮-এর মতো এবারের বন্যাও ভয়াবহ রূপ ধারণ করছে। অস্থির লাগছে। সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্ত মানুষের পাশে থাকব। আপনিও প্রস্তুত থাকুন।’
জনপ্রিয় তারকা তাহসান তার ফেইসবুক ফ্যান পেজে লিখেছেন, ‘সিলেটের বন্যাকবলিত মানুষের জন্য যেসব উদ্যোগ নেওয়া শুরু হয়েছে, সেসব উদ্যোগের লিংক এই স্ট্যাটাসের মন্তব্য সেকশনে শেয়ার করতে পারেন।’ তিনি তার মন্তব্যের ঘরে শেয়ার করেছেন ‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও’ নামের একটি উদ্যোগের পোস্ট। তাতে লেখা হয়েছে দুবছর আগে করোনার ভয়াবহ বাস্তবতায় ‘দেশ আমার দায়িত্ব আমার’ স্লোগান নিয়ে ‘সমন্বয়’ নামের গ্রুপটি খোলা হয়েছিল। ভবিষ্যতে যেকোনো দুর্যোগ-দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ছিল সমন্বয়ের। আগ্রহী যে কেউ স্বাগত এই গ্রুপে। আগেও একবার বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়ে দারুণ সাড়া পেয়েছিল। সেই সাহসেই এবার সিলেটে বন্যাদুর্গত মানুষের পাশেও দাঁড়াবে ‘সমন্বয়’। যারা সমন্বয়-এর ওপর ভরসা করবেন, সমন্বয়ের এই উদ্যোগকে সমর্থন করবেন, সবাই সমন্বয়-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। অনুদান দিন। আপনাদের দেওয়া অনুদান আগামী ৫ জুলাই সমন্বয় টিম পৌঁছে দেবে বন্যাদুর্গত অভাবী মানুষের হাতে।
