জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ আবদুল মুহিত

আপডেট : ২১ জুন ২০২২, ০২:০৩ এএম

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে মোহাম্মাদ আবদুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে অস্ট্রিয়ায় বাংলাদেশের (আবাসিক) রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

অনাবাসী দূত হিসেবে হাঙ্গেরি,স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক দেখভাল করছেন। এছাড়া ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের এ কর্মকর্তা অস্ট্রিয়ায় দায়িত্ব পালনের আগে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। মূলত তার হাত দিয়েই যাত্রা শুরু হয় ডেনমার্কে বাংলাদেশ মিশনের।

১৯৯৩ সালে ফরেন সার্ভিসে আসা মুহিত তার ক্যারিয়ারে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, কুয়েত, রোম ও দোহায় দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আমেরিকাস অনুবিভাগ সামলানো ছাড়াও বিভিন্ন দায়িত্বে ছিলেন।

মোহাম্মাদ আবদুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা করেছেন। দুই কন্যাসন্তানের জনক তিনি।

বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন রাবাব ফাতিমা। তিনি সরকারের অনুমতিক্রমে যোগ দিচ্ছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে এরই মধ্যে নিয়োগের ঘোষণা দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত