প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসায় অনেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে পারেনি বলে অভিযোগ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার জেলার জেলার ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও জৈন্তাপুরে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন সিলেট জেলা বিএনপির নেতা-কর্মীরা।
সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার্তদের দেখতে আসার কারণে কেউ কেউ ত্রাণ বিতরণ করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শহরে ছিলেন। তবে আমরা প্রত্যন্ত অঞ্চলে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। বন্যার্তরা ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করে যাব।’
মহিলা দলের ত্রাণ কমিটি গঠন
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য মহিলা দলের একটি কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
সভায় মহিলা দলের সকল জেলা শাখার (যে সকল জেলায় কমিটি হয়েছে) সভাপতি এবং সাধারণ সম্পাদকগণকে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বানভাসি অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়।
এছাড়া, সিলেট বিভাগের বন্যার্তদের সহায়তার জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে। সেগুলো হলো- ১. সার্বিক ব্যবস্থাপনা কমিটি; এতে রয়েছেন- আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ। ২. মনিটরিং সেল; এতে রয়েছেন- হেলেন জেরিন খান (আহ্বায়ক), শাম্মী আক্তার, নাজমুন নাহার বেবী, জাহান পান্না ও শাহানা আক্তার শানু। ৩. ত্রাণ সেল; এতে রয়েছেন- নেওয়াজ হালিমা আরলী (আহ্বায়ক), নায়াব ইউসুফ, আনোয়ারা বেগম ও শিল্পী রেজা।
সভায় সিলেটসহ অন্যান্য অঞ্চলে বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে জনগণের করের টাকায় পদ্মা সেতু উদ্বোধনের নামে সীমাহীন অর্থ হরিলুটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আফরোজা আব্বাস ও সুলতানা আহমেদ।
