প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সিলেটের বানভাসি মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন গোপালগঞ্জ সরকারি বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাহাজীব হাসান নামে এক এসএসসি পরীক্ষার্থী।
বুধবার দুপুর একটার সময় গোপালগঞ্জ-এর জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন তিনি।
এসএসসি পরীক্ষার্থী তাহাজীব হাসান বলেন, আমার ঈদের ড্রেস কেনার টাকা আমি সিলেটের বন্যার্তদের মাঝে দিতে পেরে খুব ভালো লাগছে। কারণ প্রতি বছর ঈদের সময় নতুন ড্রেস কিনে থাকি। কিন্তু এবার সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে তা টিভি ও পত্রিকায় দেখে আমার মনে হয়েছে যে, আমার ড্রেস কেনার চেয়ে তাদের পাশে দাঁড়ানো বেশি জরুরি।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আমি খুব খুশি হয়েছি যে, একজন শিক্ষার্থী তার আনন্দের টাকা সিলেটের বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য দিয়েছে। আমি বিত্তবানসহ সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি যে আসুন আমার যার যার অবস্থান অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াই।
