গান-কথামালা আর ফুলেল শুভেচ্ছায় উদযাপিত হয়েছে বরেণ্য বুদ্ধিজীবী ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৭তম জন্মদিন।
গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তার আত্মজৈবনিক বক্তৃতা অনুষ্ঠানে তিনি বলেন, ‘শ্রেণিবৈষম্যের সমাধান না হলে মানুষের জীবনে শান্তি আসবে না। এক রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র হয়েছে। কিন্তু রাষ্ট্রের মৌলিক চরিত্রের কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের ঔপনিবেশিক মানসিকতার বদল ঘটেনি।’
ত্রৈমাসিক পত্রিকা ‘নতুন দিগন্ত’ আয়োজিত অনুষ্ঠানে শুরুতে সিরাজুল ইসলাম চৌধুরীর জীবনবৃত্তান্ত পাঠ করেন অধ্যাপক আজফার হোসেন। পরে সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
জন্মদিন উপলক্ষে ডেইলি স্টার বুকস প্রকাশ করেছে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর নির্বাচিত সাক্ষাৎকার সংকলন ‘আজ ও আগামীকাল’। সম্পাদনা করেছেন ইমরান মাহফুজ। অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। শুভেচ্ছা জানান কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম, কবি মোহন রায়হান, আসাদ মান্নানসহ অনেকে।
বিভিন্ন গণমাধ্যম, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানে দৈনিক দেশ রূপান্তরের পক্ষ থেকে দেশবরেণ্য এই বুদ্ধিজীবীকে শুভেচ্ছা জানানো হয়।
