পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কেক কাটলেন সাকিবরা

আপডেট : ২৫ জুন ২০২২, ১২:৪৩ পিএম

প্রত্যাশা আর সৌভাগ্যের ডালা নিয়ে দখিনের দুয়ার খুলে গেল। ৬ দশমিক ১৫ কিলোমিটারের দীর্ঘ পদ্মা সেতু উন্মুক্ত হল আজ। বহুল কাঙ্ক্ষিত বাঙালির স্বপ্ন ও সাহসের এই পদ্মা সেতুর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করে মোনাজাতে অংশ নেন।

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে কেক কেটেছেন বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটাররাও। বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে টাইগাররা। সেন্ট লুসিয়ায় খেলছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানেই দলের সবাইকে নিয়ে কেক কাটেন অধিনায়ক সাকিব আল হাসান।

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে টাইগাদের কেক কাটার বেশ কয়েকটি ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে সাকিবের এক ভিডিও পোস্ট করা হয়।

সেখানে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। মাগুরার ছেলে সাকিব। তার মতো দক্ষিণের প্রত্যেক মানুষকে ঘরে ফেরার জন্য পাড়ি দিতে হয় পদ্মা নদী। তবে ফেরিতে নয়, এবার সেতুর ওপর দিয়ে সহজেই মাগুরা পৌঁছাতে পারবেন তারা।

পোস্ট করা ভিডিওতে সাকিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সব থেকে বড় অবদান। এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল। যা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে। আশা করি, এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত