ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) দুই কোম্পানির সার্বিক অবস্থা জানতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানি দুটি হলো প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। গতকাল রবিবার এ দুই কোম্পানির সার্বিক অবস্থা জানতে এসইসি দুটি আলাদা তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।
প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সার্বিক অবস্থা তদন্ত করতে এসইসির উপপরিচালক মো. সিরাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিয়ে তদন্ত করতে এসইসির উপপরিচালক মোহাম্মদ রতন মিয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ওটিসির আরেক কোম্পানি খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ১৪ জুন মালিকানা পরিবর্তনের আবেদন জানায় এসইসিতে। তবে কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার হস্তান্তরের অনুমোদন দেয়নি।
