ক্যাডেটদের নিজেদের দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলা উচিত মন্তব্য করে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ক্যাডেটদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল সোমবার দুপুরে বরিশাল ক্যাডেট কলেজের নবনির্মিত ক্যাডেট হাউজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, ‘ক্যাডেট কলেজগুলো জাতির আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে চলছে। এখানকার পাঠ শেষে ক্যাডেটরা দেশে-বিদেশে কৃতিত্বের সাথে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। সামরিক-বেসামরিক প্রশাসনে প্রাক্তন ক্যাডেটদের নিষ্ঠা ও দক্ষতা ভূয়সী প্রশংসা অর্জন করেছে।’ অনুষ্ঠানে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ এবং বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসে ৪২ কোটি টাকা ব্যয়ে ছয়তলার ওপর তিনতলা তিনটি ক্যাডেট হাউজ নির্মিত হয়েছে।
×
