সাভারের কলেজশিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে চব্বিশ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার না করা হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির গ্রহণের ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।
মঙ্গলবার সাভার উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
তিনি বলেন, সাভারে কলেজশিক্ষক উৎপল কুমার সরকার হত্যা, নড়াইলে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে কলেজ অধ্যক্ষ স্বপন সাহাকে নাজেহাল করার ঘটনা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ। এই বর্বরতা মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া উচিতও নয়।
তিনি বলেন, এসব নিন্দনীয় ঘটনা বর্তমান সরকারের সকল ভালো অর্জনগুলোকে ধূলিসাৎ করে দিচ্ছে।
তিনি দেশের সকল শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকদের অধিকার ও মর্যাদার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।
মানববন্ধন চলাকালীন আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের নেতা অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ। বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হরিচাঁদ মণ্ডল সুমন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, পরিষদের সাভার থানা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মো. ইসহাক হোসেন, জাহাঙ্গীর আলম, মুনিরুজ্জামান প্রমুখ।
