সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন্যাকবলিত মানুষদের আবারও জরুরি খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। গতকাল মঙ্গলবার কোম্পানির কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে প্রধান অতিথি হিসেবে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন ধাপে ছাতকের নোয়ারাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই হাজার পরিবারের মাঝে এ জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এর আগে গত মাসে কোম্পানিটি দুই হাজারেরও বেশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। এছাড়া বন্যার সময় তিন শতাধিক মানুষকে নিজস্ব কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে নিরাপদ আশ্রয় ও খাদ্য প্রদান করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিল কোম্পানিটি।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পর্কে লাফার্জহোলসিম বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার রাজেশ সুরানা বলেন, ‘করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে কোম্পানি আবারও ছাতকের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে।’
খাদ্যসামগ্রী বিতরণের সময় কোম্পানির হেড অব ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস এবং সুরমা প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিংসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
