রিচার্লিসনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে টটেনহাম। এভারটন ছেড়ে ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্পার্সদের সঙ্গে সম্পর্ক করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গত মৌসুমে টফিসদের হয়ে ১০ গোল ও ৫ অ্যাসিস্ট করেন তিনি। সাহায্য করেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এভারটনের অবনমন এড়াতে।
২০১৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ছেড়ে ইংলিশ ফুটবলে আসেন রিচার্লিসন। ১১.৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেন ওয়াটফোর্ডে। পরের বছর হরনেটদের ছেড়ে চুক্তি করেন এভারটনের সঙ্গে। মার্সিসাইডে থাকাকালীন লিগে ১৩৫ ম্যাচে ৪৩ গোল করেন ২৫ বছর বয়সী তারকা।
সেন্ট্রাল স্ট্রাইকার বা কখনো কখনো ওয়াইড অ্যাটাকার হিসেবেও দেখা গেছে রিচার্লিসনকে। এভারটনে নিজের দুই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ছিলেন সর্বোচ্চ গোলদাতা। ক্লাবটিতে যে চার মৌসুম কাটিয়েছেন, তার মধ্যে তিন বার দুই অঙ্কের বেশি গোল করেছেন।
ব্রাজিলের হয়ে ৩৬ ম্যাচে ১৪ গোল করেছেন রিচার্লিসন। ২০১৮ সালে সেপ্টেম্বরে জাতীয় দলে অভিষেক হয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলে জয়ের সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন রিচার্লিসন।
সেলেসাওদের হয়ে তিনি ২০১৯ কোপা আমেরিকা জেতেন। ২০২০ টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন রিচার্লিসন। ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও হন।
