ডব্লিউএইচও

বিশ্বের ১১০ দেশে বাড়ছে করোনা সংক্রমণ

আপডেট : ০২ জুলাই ২০২২, ০১:৫৮ এএম

আগের তুলনায় তেজ খানিকটা কমেছে, তবু এখনো বিশ্বে বেশ শক্তিশালীভাবেই অবস্থান করছে করোনাভাইরাস। বর্তমানে বিশ্বের অন্তত ১১০ দেশে বাড়ছে করোনা সংক্রমণ। জাতিসংঘের অন্যতম অঙ্গ-সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর মূল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস বলেন, ‘শুরুর সময়ের তুলনায় বর্তমানে করোনাভাইরাসের তেজ কিছুটা কমেছে, কিন্তু মহামারী এখনো শেষ হয়ে যায়নি। বর্তমানে বিশ্বের অন্তত ১১০ দেশে করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি শুরু হয়েছে এবং প্রতিদিন এসব দেশে করোনায় গুরুতর অসুস্থ প্রত্যেক ৬ জনের মধ্যে ৩ জনই মারা যাচ্ছেন। আরও একটি বিপজ্জনক ব্যাপার হলো, বিশ্বের কয়েকটি অঞ্চলে করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রনের জেনোমিক সিকোয়েন্স পরিবর্তন হয়েছে। ফলে একদিকে ভাইরাসটিকে আমাদের ট্র্যাক করার ক্ষমতা যেমন বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে এই ভাইরাসটির আরও নতুন পরিবর্তিত ধরনের আগমনের সম্ভাবনাও বাড়ছে।’

সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মহাপরিচালক জানান, ওমিক্রন পরিবারের দুই ভাইরাস ভাইরাস বিএ পয়েন্ট ফোর এবং বিএ পয়েন্ট ফাইভের কারণে করোনা সংক্রমণ বাড়ছে ১১০ দেশে। এসব দেশে সংক্রমণ বাড়ার কারণে গত এক মাসে বিশ্বজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২০ শতাংশ বেড়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত