মডেলিং দিয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন ফারহান খান রিও। পরবর্তীতে মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেন। তারই ধারাবাহিকতায় রূপালি জগতে পা রেখেছেন এই মডেল-অভিনেতা। সম্প্রতি মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘অমানুষ’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে রিওকে। এর আগে ‘কসাই’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। এবার একই পরিচালকের ‘সাইকো’ সিনেমায় ভিলেন হিসেবে হাজির হচ্ছেন রিও।
ঈদুল আযহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটিতে একেবারে ব্যতিক্রমী একজন ভিলেন হিসেবে অভিষেক হবে বলে জানিয়েছেন রিও। রোমান্টিক থ্রিলার সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত নবাগত এই শিল্পী।
রিও বলেন, ‘আসলে একটা লম্বা সময়ের সব পরিশ্রম এবং কষ্ট সফল হয়েছে যখন শট শেষে টিম এবং মামুন ভাই আমাকে বলেছেন যে, শট ভালো দিয়েছো। কতটা ভালো বা সাবলীল হয়েছে তা সিনেমা মুক্তির পর দর্শকেরাই ভালো বলতে পারবেন, তবে আমি আমার পুরোটাই দিয়েছি কাজটিকে ভালোভাবে সম্পন্ন করার তাগিদ থেকে। চলচ্চিত্রে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখি।’
রিও ২০১৯ সালে সৈকত নাসির পরিচালিত ওয়েব সিরিজ ‘ট্যাপড’য়েও অভিনয় করেন। রিও জানান, যেকোনো চরিত্রেই তিনি কাজ করতে চান, তবে রিও’র বেশি পছন্দ এন্টিহিরো ক্যারেক্টারে। তার হাতে আছে আরও কিছু ছবি।