বাংলাদেশের সমৃদ্ধ বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা, নথিবদ্ধকরণ ও প্রজন্মান্তরে হস্তান্তরে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ঐতিহ্যের টেকসই সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা অপরিহার্য।
আন্তর্জাতিক বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য দিবস–২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘কমিউনিটিভিত্তিক বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার কৌশল’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশের অফিসপ্রধান ও প্রতিনিধি ড. সুসান ভাইজ এবং আন্তর্জাতিক বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য গবেষক ও নৃবিজ্ঞানী ড. আলেকজান্দ্রা ডেনেস।
বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কোর সহযোগিতায় ‘বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে জনগোষ্ঠীভিত্তিক ঐতিহ্য উৎসব বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের আটটি প্রশাসনিক বিভাগে আট ধরনের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেমিনারে প্রকল্পের আওতাভুক্ত আটটি জনগোষ্ঠীভিত্তিক ঐতিহ্য উৎসবের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি হাজং ও মণিপুরী সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে।
সেমিনারের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার ও প্রকল্পের ফোকাল পয়েন্ট আসমা ফেরদৌসী। এ ছাড়া প্রকল্পের আটটি সহযোগী বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। অধিবেশনে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. সাইদুর রহমান এবং লেখক, অনুবাদক ও সম্পাদক রিফাত মুনিম বক্তব্য দেন।
পরে ড. আলেকজান্দ্রা ডেনেস জনগোষ্ঠীভিত্তিক বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় বিভিন্ন সুপারিশ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক মো. সাদেকুল ইসলাম। সেমিনারে দেশি-বিদেশি গবেষক, বিশেষজ্ঞ, ঐতিহ্যচর্চাকারী, জাদুঘরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।