বেলকুচিতে ওসির উদ্যোগে বাড়িতে যাওয়ার রাস্তা পেল দশ পরিবার

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৯:৩৫ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফার উদ্যোগে বাড়িতে যাওয়ার রাস্তা পেয়েছে দশটি পরিবার।

শনিবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর গ্রামে বিট পুলিশিং সভায় পরিবারগুলোর বাড়িতে যাওয়া-আসার রাস্তার সমস্যার সমাধান করে দেন ওসি।

স্থানীয়রা জানান, দৌলতপুর গ্রামের মো. আ. মালেক (৭০) এবং মো. আব্দুল্লাহর (৫০) বসত বাড়ির সীমানা দিয়ে যাতায়াত করতেন দশটি পরিবারের সদস্যরা। কিন্তু তারা তাদের সীমানায় দেয়াল নির্মাণ শুরু করলে উক্ত দশটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায় এবং কার্যত তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

ফলে বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি বেলকুচি থানার ওসির নজরে আসলে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে উক্ত পরিবারগুলোর সাথে একটি বিট পুলিশিং সভার আয়োজন করেন।

সভায় ওসি উভয় পক্ষকে ধৈর্য ধারণ এবং উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ ভাবে নিরসনের আহ্বান জানান। তিনি মানবিক দিক বিবেচনা করে জমির মালিক মালেক এবং আব্দুল্লাহকে উক্ত পরিবারগুলোর বাড়িতে যাতায়াতের রাস্তা প্রদানের জন্য অনুরোধ করেন।

ওসির আহ্বানে সাড়া দিয়ে ও মানবিক দিক বিবেচনা করে ১০ পরিবারের সদস্যদের জন্য জমির দুই মালিক মোট ৪ ফুট রাস্তার জন্য ২ ফুট করে জায়গা ছেড়ে দেন। তারা এ সময় পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ভাবে বসবাসের অঙ্গীকারও করেন।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিষয়টি আমার নজরে আসলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গকে সঙ্গে নিয়ে উক্ত পরিবারগুলোকে সাথে নিয়ে একটি বিটপুলিশিং সভার মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা নিয়ে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণভাবে নিরসন করে দিই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত