গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দিন একসঙ্গে দুই দেশের দুটি পাসপোর্ট ব্যবহার করছেন। সেই সঙ্গে নিজ দপ্তরে নামে-বেনামে ব্যবসা করে বিপুল অর্থের মালিক হয়েছেন বলে অধিদপ্তরের কয়েকজন প্রকৌশলী জানিয়েছেন।
সরকারি কর্মকর্তা হয়ে একাধারে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুটি পাসপোর্ট আট বছর ধরে ব্যবহার করে আসছেন প্রকৌশলী রোকন। বিষয়টি এতদিন সহকর্মীদের মুখে মুখে থাকলেও এবার এই প্রকৌশলীর স্ত্রীই কর্তৃপক্ষকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত প্রকৌশলীর বিষয়ে তদন্ত শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর।
প্রকৌশলী রোকন উদ্দিনের স্ত্রী-সন্তান থাকেন অস্টেলিয়ায়। তিনি সেখানে অস্বাভাবিক পরিমাণ অর্থ পাঠিয়েছেন কি না তাও একটি দায়িত্বশীল সংস্থা খোঁজ-খবর নিচ্ছে।
জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার দেশ রূপান্তরকে বলেন, ‘তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দিনের স্ত্রীর দেওয়া অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগটি আমলে নিয়ে তা তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এর মধ্যে এ প্রকৌশলীর সরকারি কর্মচারী হয়ে দুটি পাসপোর্ট ব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি তা করতে পারেন না। আইন ভঙ্গ করে করা এ কাজটি আমরা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।’
অধিদপ্তরের একাধিক প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রকৌশলী রোকন উদ্দিনের স্ত্রী ও সন্তান বেশ কয়েক বছর আগে থেকেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। রোকন তার আয়-রোজগারের একটা বড় অংশ সেখানে জমা করেছেন বলে শোনা যায়। গত কয়েক বছর ধরে তার বর্তমান কর্মস্থল তত্ত্বাবধায়ক প্রকৌশলীতে (ঢাকা সার্কেল-৩) কর্মরত থাকাকালীন অধীনস্থ একজন নারী সহকর্মীকে ঘিরে নানান সমালোচনার মুখে পড়েন এ প্রকৌশলী। একপর্যায়ে তার স্ত্রী এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের শরণাপন্ন হলেও খুব একটা কাজ হয়নি। সম্প্রতি রোকনের স্ত্রী গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। সেখানে নানা অনিয়মের সঙ্গে রোকন উদ্দিনের দুটি পাসপোর্ট ব্যবহারের বিষয়টিও আছে। বাংলাদেশি পাসপোর্টে এ প্রকৌশলীর নাম মো. রোকন উদ্দিন। পাসপোর্ট নম্বর ‘ওসি৪১৫৭১৪৮’। আর অস্ট্রেলিয়ার পাসপোর্টে তার নাম মুন্সি রোকন উদ্দিন, এর নম্বর ‘এন৮৩৭০২৭৬’।
এ বিষয়ে প্রকৌশলী মো. রোকন উদ্দিনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলে তিনি ধরেননি। পরে এই প্রতিবেদক তার নিজের পরিচয় দিয়ে কী কারণে কথা বলতে চান তা জানিয়ে মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠান। বার্তা পাঠিয়ে আবার ফোন করা হলেও তিনি ধরেননি।
গণপূর্তের কয়েকজন প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা যায়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দিন ২০১৮ সালের ১৭ জানুয়ারি সার্কেল-৩-এ দায়িত্ব পান। এরপরও তিনি তার শ্যালক মমতা ট্রেডার্সের মালিক সাইফুল আলম ও ছোট ভাই নাজিম উদ্দিন মিঠুর মুন্সি ট্রেডার্সের নামে ঠিকাদারি কাজ শুরু করেন। এ কর্মস্থলে প্রকৌশলীর দায়িত্ব পালনকালে শুধু মহাখালী ডিভিশন থেকে এসব প্রতিষ্ঠানের নামে কয়েকশ কোটি টাকার কাজ করেছেন। এর মধ্যে শেরেবাংলা নগরে দুটি প্যাকেজে ১৮ কোটি টাকা, তিনটি প্যাকেজে ৫ কোটি টাকা এবং আরও একটি প্যাকেজে ৮ কোটি টাকার ঠিকাদারি কাজ করেছেন। এ প্রকৌশলীর প্রাক্কলন তৈরির কাজে নিয়োজিত একজন নারী সহকর্মী তার শ্যালককে ঠিকাদারি কাজ পেতে সহযোগিতা না করায় এ নিয়ে স্ত্রীর সঙ্গে সমস্যা তৈরি হয়। একপর্যায়ে নারী সহকর্মীকে ঢাকার বাইরে বদলি করা হয়। সেই বদলিও হয়েছিল প্রকৌশলী রোকনের অস্ট্রেলিয়া প্রবাসী স্ত্রীর চাহিদা অনুযায়ী। পরে শেরেবাংলা নগরে কর্মরত নারী সহকর্মী নিজে ও তার পক্ষে সংশ্লিষ্ট প্রকৌশল সমিতির নেতারা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে দেনদরবার করেন। এসব ঘটনার পর প্রকৌশলী রোকনের স্ত্রী ও শ্যালক মিলে ওই নারীর নানা বিষয় উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন।
অধিদপ্তরের প্রকৌশলীরা বলছেন, রোকন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ যতই গুরুতর হোক শেষ পর্যন্ত তার কিছুই হবে না। এর কারণ আলোচিত ঠিকাদার জি কে শামীম ক্যাসিনোকা-ে গ্রেপ্তার হওয়ার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে রোকনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আসে। জি কে শামীমকে সবচেয়ে বেশি কাজ দিয়েছেন রোকন। এরপরও তার তেমন কিছুই হয়নি। এবারও প্রকৌশলী রোকন কর্তৃপক্ষকে ম্যানেজ করে ফেলবেন বলে মনে করছেন তারা।
