ছাঁটাই না করার দাবিতে টঙ্গীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন রেলওয়ের আউটসোর্সিং কর্মীরা। গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ টঙ্গী শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশের ইনচার্জ নূর মোহাম্মদ জানান, টঙ্গী রেলস্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে ট্রেন আটকে দেন আউটসোর্সিং কর্মীরা। এতে ঢাকা-জয়দেবপুর রুটে সব ট্রেন আটকে যায়। আটকা পড়া ট্রেনগুলো হলো ঢাকাগামী ঢাকা কমিউটার, ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস, জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস, বি-বাড়িয়াগামী তিতাস, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস, তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, ঢাকাগামী হাওড় এক্সপ্রেস, ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস, ঢাকাগামী বনলতা এক্সপ্রেস। ট্রেনগুলো বিমানবন্দর, টঙ্গী, জয়দেবপুর, ঘোড়াশাল, আড়িখোলা, পূবাইলসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ১২টা ৪০ মিনিটে টঙ্গীতে লাইন ক্লিয়ার হলে টঙ্গী থেকে জামালপুর কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আউটসোর্সিং কর্মী ইকবাল হোসেন জানান, বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী পদে কর্মরতদের বাদ দিয়ে ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের আদেশ বাতিল, অস্থায়ী গেটকিপারদের চাকরি স্থায়ীকরণ এবং আউটসোর্সিং নামে কালো আইন বাতিলের দাবিতে তাদের এ আন্দোলন।
