মাগুরার শ্রীপুর উপজেলায় ভেজাল সার ও কীটনাশক ব্যবসায়ীর মিথ্যা মামলা ও অত্যাচারের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। গতকাল বুধবার দুপুরে মাগুরা প্রেস ক্লাবের সামনে নাকোল ও কাদিরপাড়া ইউনিয়নের কয়েকশ কৃষক মানববন্ধন করেন।
কৃষকরা অভিযোগ করেন, এ বছর পেঁয়াজের মৌসুমে ওই এলাকার পাঁচ শতাধিক কৃষক স্থানীয় কমলাপুর বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী আলী আজগর খানের কাছ থেকে নকল কীটনাশক কিনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নকল ওষুধ ব্যবহারে কৃষকদের লাখ লাখ টাকার পেঁয়াজের চারার গোড়া পচে নষ্ট হয়ে যায়। কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বছর ১৬ মার্চ শ্রীপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামা প্রসাদ কু-ু ও কৃষি বিভাগের কর্মকর্তারা আলী আজগরের নিজ বাড়িতে নকল সার ও কীটনাশক তৈরি ও বিক্রির সময় অভিযান চালিয়ে হাতেনাতে আটক করেন। এ সময় ১ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি আলী আজগর জামিনে মুক্তি পেয়ে ওই নকল সার কারখানাটি পুনরায় চালু করেছে। এ অবস্থায় কৃষকরা আলী আজগর খানের লাইসেন্স বাতিল, উপযুক্ত শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে কৃষকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
