ফুটবলারদের বিনোদন জগতে আনাগোনা নতুন নয়। কখনো বিজ্ঞাপন, কখনো বড় পর্দায় অভিনয়ও করতে দেখা গেছে তাদের। তবে ফ্যাশন শোয়ে?
ফ্যাশন জগতে অনেক ফুটবলারের পদচারণ থাকতে পারে। তবে একেবারে মডেল হয়ে ক্যাটওয়াকে আগে দেখা যায়নি কোনো ফুটবলারকে। সে জায়গাতে এদুয়ার্দো কামাভিঙ্গা প্রথম। এটা নতুন বিশ্ব রেকর্ড বলায় যায়।
প্রথম ফুটবলার হিসেবে ফ্যাশন শোয়ে ক্যাটওয়াক করেছেন কামাভিঙ্গা। বিখ্যাত ফ্যাশন হাউস বালেনসিয়াগার হয়ে অংশ নেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। ১৯ বছর বয়সী তারকা কাদের সঙ্গে ক্যাটওয়াক করেছেন জানেন?
কিম কারদাশিয়ান, নাওমি ক্যাম্পবেল, ডুয়া লিপা, নিকোল কিডম্যানের মতো বিখ্যাত তারকাদের সঙ্গে। তার এই ইভেন্টের বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কালো লম্বা ব্লেজার ও কালো প্যান্টে বালেনসিয়াগার ৫১তম পোশাক সংগ্রহের অংশ হিসেবে ক্যাটওয়াক করেন কামাভিঙ্গা।
নিজের তারকা খ্যাতিও তো অবশ্য কম নয় ফরাসি মিডফিল্ডার। টিনেজ বয়সেই ফুটবল বিশ্বের নজর কেড়েছেন। নয়তো রিয়ালের মতো ক্লাব তাদের মাঝমাঠের দায়িত্ব সামলাতে ফরাসি ক্লাব রেঁনে থেকে তাকে নিয়ে আসে!
