দুই বছর পর রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে

আপডেট : ১২ জুলাই ২০২২, ১০:০১ পিএম

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি দায় পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ ৩ হাজার ৯৮০ কোটি ডলারে নেমে এসেছে; যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। 

বাংলাদেশ ব্যাংকের প্রাপ্ত তথ্যে দেখা যায়, বাংলাদেশ গত সপ্তাহে আকুর সঙ্গে ১৯৯ কোটি ডলার মূল্যের আমদানি পেমেন্ট নিষ্পত্তি করেছে। ফলে প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো মঙ্গলবার রিজার্ভ ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। গত বছরের ডিসেম্বরে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। আর আগস্টে ছিল ৪৮ বিলিয়ন ডলার। 

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার অংশগ্রহণকারী দেশগুলোর আঞ্চলিক লেনদেনের জন্য আমদানি পেমেন্ট নিষ্পত্তি করে।

বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা আকুর সদস্য। ইরানের রাজধানী তেহরানে সদর দপ্তর। এ ব্যবস্থায় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করতে হয়। রপ্তানি এবং রেমিট্যান্স প্রবাহের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চাপে আছে। গত অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে আমদানি ব্যয় ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার। সেই তুলনায় রপ্তানি আয় ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৪ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত