বিশ্বকাপে অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১২:৩৮ এএম

এ যেন খাল কেটে কুমির আনা। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার পথটা দক্ষিণ আফ্রিকার নিজে থেকেই কঠিন করে নিল। এমনিতেই পয়েন্ট নেই তাদের। সুপার লিগ থেকে শীর্ষ ৮ দল খেলবে সরাসরি। অথচ প্রোটিয়ারা এখনো ১১ নম্বরে। অথচ একটি সিরিজের পুরো পয়েন্ট ছেড়ে দিল তারা। অস্ট্রেলিয়াকে ওয়াকওভার দিয়ে নিজেদের সরাসরি বিশ্বকাপ খেলা কঠিন করে তুলল দক্ষিণ আফ্রিকা।  

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা দক্ষিণ আফ্রিকার। ১২, ১৪ ও ১৭ জানুয়ারি হওয়ার কথা ম্যাচ তিনটি। সুপার লিগের অংশ এই সিরিজটি দক্ষিণ আফ্রিকা খেলবে না। ওই সময় নিজেদের নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ শুরু করবে তারা। আরও কয়েকবার পিছিয়ে যাওয়ায় ওই টুর্নামেন্ট নিয়ে এবার সিদ্ধান্তে অটল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। কোনো ভাবেই আর টুর্নামেন্টের সময় পেছানো যাবে না। ওদিকে গ্রীষ্মে অস্ট্রেলিয়ার নিজেদের ব্যস্ত সূচি। তাই ওই ওয়ানডে সিরিজের জন্য নতুন সময় দিতে পারেনি। তাই অস্ট্রেলিয়াকে সিরিজটি ওয়াকওভার দিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। এই এখন কেবল আইসিসির আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।

ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১৩ ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট মাত্র ৪৯। ১৩ দলের মধ্যে তারা ১১ নম্বরে। সুপার লিগে দক্ষিণ আফ্রিকার পরের দুই সিরিজ ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে। দুটিতে মোট ৪টি করে ম্যাচ জিততেই হবে প্রোটিয়াদের। সঙ্গে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিজ নিজ সিরিজে হারতে হবে। তাহলেই কেবল সরাসরি বিশ্বকাপে খেলার পথ খুলতে পারে দক্ষিণ আফ্রিকার। 

দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্তে ‘ডাবল’ লাভ হচ্ছে অস্ট্রেলিয়ার। না খেলেই সিরিজের সব পয়েন্ট তারা পাচ্ছে। পাশাপাশি ওই সময়টায় তাদের ওয়ানডে দলের ক্রিকেটাররা খেলতে পারবেন বিগ ব্যাশে। ওই টুর্নামেন্টের আবেদন তাতে বেড়ে যাবে আরও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত