গীতিকার ও পুলিশ কর্মকর্তা দেওয়ান লালন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৩ বছর।
সংবাদমাধ্যমকে লালনের গাড়ির চালক আলমগীর বলেন, ‘স্যার বাসাতে অসুস্থ হন। খুব বেশি না। এরপর তাকে আমরা দিলু রোডের বাসা থেকে পুলিশ হাসপাতালে নিয়ে যাই। স্যার লিফট থেকেও নামলেন। গাড়িতে বসেও কথা বলছিলেন ফোনে। জরুরি বিভাগে হেঁটেই যান। হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানতে পারি।’
আলমগীর বলেন, ‘এরপর হুইল চেয়ারে তাকে চারতলায় নেওয়া হয়। শুনলাম লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার একটু পরেই তিনি আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছেন। ’
জনপ্রিয় শিল্পীদের গাওয়া বেশ কিছু গানের গীতিকার দেওয়ান লালন। পেয়েছেন পুরস্কারও। তালিকাভুক্ত সংগঠন গীতিকবি সংঘের একজন সদস্য তিনি।
দেওয়ান লালন আহমেদ ১৯৭৯ সালের ৫ ডিসেম্বর টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন ঠাকুরগাঁও সুগার মিলস হাই স্কুল, ঢাকার নটরডেম কলেজ এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন। সম্প্রতি টুরিস্ট পুলিশের (লিগাল অ্যান্ড মিডিয়া) এসপি হয়ে ঢাকায় আছেন দেওয়ান লালন।
