বান্দরবানের লামা উপজেলায় আদিবাসী ভূমি রক্ষা আন্দোলনের সংগঠক রংধজন ত্রিপুরার ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
আজ শুক্রবার (১৫ জুলাই) সংগঠনটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে দাবি জানান।
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে ৪০০ একর এলাকায় তিন পাড়াবাসী দীর্ঘদিন ধরে জুম চাষ করে আসছেন। ২০২১ সালে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এক প্রতিষ্ঠান ওই জমিকে তাদের ইজারা নেওয়া জায়গা হিসেবে দাবি করে। এ নিয়ে আদিবাসীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে, যার একজন সংগঠক রংধজন ত্রিপুরা।
এর আগে গত ২৬ এপ্রিল এই সরই ইউনিয়নে প্রায় ৩০০ একর এলাকা জুড়ে করা জুম চাষের জমিতে আগুন দেওয়া হয়েছিল। তখনও লামা রাবার ইন্ডাস্ট্রিজের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল আদিবাসীরা।
বুধবার রাতে এক কিশোরের নেতৃত্বে কয়েকজন হামলাকারী আদিবাসী ভূমি রক্ষা আন্দোলনের সংগঠক রংধজন ত্রিপুরার মারধর, হামলা ও মাথায় আঘাত করে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘু আদিবাসী নিপীড়নের সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করতে হবে। রংধজন ত্রিপুরার ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
