বুড়িগঙ্গায় নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০১:৩৫ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্র সাজ্জাদ হোসেনের (১৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজের ২৬ ঘণ্টা পর গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাগলা ঘাট এলাকা থেকে নিখোঁজ হয় সে। নিহত সাজ্জাদ ফতুল্লা থানার পাগলা নুরবাগের বাসিন্দা শাহিন মিয়ার ছেলে ও হাজী মিছির আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যাওয়া সাজ্জাদের বন্ধুরা জানায়, তারা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নদীতে গোসল করতে নামে। পরে তারা নদী থেকে উঠে এলেও সাজ্জাদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের ধারণা গোসল করতে নেমে পানিতে তলিয়ে গেছে সাজ্জাদ। পরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। রাত ৯টা পর্যন্ত খোঁজ করে তারা সাজ্জাদের সন্ধান পায়নি। গতকাল দ্বিতীয় দিনের মতো তারা অভিযান শুরু করে দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ কলেজছাত্রের লাশ গতকাল দুপুরে উদ্ধার করা হয়েছে। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত