আরডিসি ও এডিসির গাড়িবহর থেকে নামিয়ে মেম্বারকে মারধর

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৭:৪০ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে সন্ত্রাসীদের মারধরের শিকার হয়েছেন সলিমপুর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ আরিফ। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) সামনেই এ ঘটনা ঘটেছে।

সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালা উদ্দিন আজিজ জানান, শুক্রবার বিকেলে তিনিসহ আরডিসি মং মারমা, এডিসি নাজমুল আহসান, সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ফেরার পথে এডিসির গাড়ি থেকে নামিয়ে ইউপি সদস্য মোহাম্মদ আরিফকে বেধড়ক মারধর করে জঙ্গল সলিমপুর এলাকার ইয়াসিন বাহিনীর সদস্যরা। হামলায় নেতৃত্ব দেন ইয়াসিন নিজে।

হামলার শিকার ইউপি সদস্য মোহাম্মদ আরিফ দেশ রূপান্তরকে বলেন, “সন্ত্রাসী ইয়াসিন বাহিনী অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। তারা মারতে মারতে বলতে থাকে, ‘এখানে কেউ আসতে পারবি না। তুই আমাদের নাগরিক সনদ ও জন্মসনদ দিতে গড়িমসি করিস।’ সরকারি কর্মকর্তাদের সামনে আমাকে মেরে তারা বার্তা দিয়েছে যে, এটা তাদের এলাকা। এখানে কেউ প্রবেশ করতে পারবে না।”

ঘটনার সত্যতা স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘আমাদের গাড়িবহরের সবার পেছনে ছিল চেয়ারম্যানের গাড়ি। সেই গাড়িতে ইউপি মেম্বার আরিফ ছিলেন। কিছু লোকজন গাড়ি থেকে নামিয়ে নাগরিক সনদের কথা বলে তাকে মারধর করে। পরবর্তীকালে আমরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত