হাতিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৩:২৩ পিএম

হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিরবিরি গ্রামে বিজলী আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর আড়াইটায় বাড়ির রান্নাঘরের আড়ায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মিরাজ উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে কেউ ঘরে না থাকায় বিজলী দুপুর বারোটায় আত্মহত্যা করেন।

তবে, পরিবারের দাবি বিজলীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সন্ধ্যায় হাতিয়া থানায় নিয়ে আসে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দুই বছর আগে জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের ৬নং ওয়ার্ডের মামুনের (২২) সঙ্গে একই ইউনিয়নের উত্তর বিরবিরি গ্রামের মুন্সীর নাতিগো বাড়ির আবুল কাসেমের মেয়ে বিজলী আক্তারের (২০) বিয়ে হয়।

বিয়ের পর থেকে মামুন তার স্ত্রী বিজলীকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। বিজলী বিষয়টি তার মা-বাবাকে জানালে তারা যৌতুক দিতে রাজি না হওয়ায় তার উপর নির্যাতন চলতে থাকে।

হাতিয়া থানার ওসি আমির হোসেন রবিবার বেলা এগারোটায় জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গৃহবধূ বিজলী আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ব্যাপারে নিহতের বাবা আবুল কাসেম শনিবার হাতিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি ইউডি মামলা করেন। বিস্তারিত জানার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত