সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নিজ কার্যালয়ে এনজিও সংস্থা আশা’র কর্মকর্তা আবুল কাশেম (৪৬) খুন হয়েছেন। তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরানবাজার নিজামপুর এলাকায় আশা কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই কার্যালয়ের অফিস সহকারী কাম বাবুর্চি ফজল মিয়া (৩৫) তাকে হত্যা করেছেন। ফজল নিজের মোবাইল ফোন কার্যালয়ে রেখেই পালিয়ে গেছেন। কার্যালয় থেকে হত্যাকা-ে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। নিহত আবুল কাশেম এই শাখায় জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খবিলাশপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, রবিবার সকালে আশা’র ফেঞ্চুগঞ্জ শাখা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কাজে বিভিন্ন এলাকায় চলে যান। তখন ব্যবস্থাপক আবুল কাশেম ও অফিস সহকারী কাম বাবুর্চি ফজল মিয়া কার্যালয়ে ছিলেন। পুলিশের ধারণা, ব্যক্তিগত কোনো কারণে তাদের দু’জনের মধ্যে প্রথমে বাকবিত-া হয়। পরে ফজল মিয়া দা দিয়ে আবুল কাশেমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করে। এরপর ফজল দ্রুত পালিয়ে যায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও রেখে যায়। ফজল মিয়ার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে কার্যালয় থেকে আবুল কাশেমের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কর্মকর্তা আবুল কাশেম ও অফিসের পিয়ন ফজল মিয়ার মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধ ছিল।
