ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে ৫২তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। গতকাল রবিবার বিকেলে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে এই সম্মেলন শুরু হয়। এতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদের নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ ও বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রতিনিধিত্ব করছেন।
অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে ০৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণও সম্মেলনে যোগ দিয়েছেন।
আগামী ২১ জুলাই সকালে সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হবে। বিজ্ঞপ্তি।
