ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে বেপরোয়া গতির ট্রাকের চাপায় আরজু (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘূগী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার সময় আরজু কাজে যোগদানের জন্য সাইকেলযোগে গাড়াইল এলাকায় যাচ্ছিলেন।
মহাসড়কের মির্জাপুর আন্ডারপাস দিয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লাহ টুটুল জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
