‘অলৌকিক’ শিশু

সাবালক পর্যন্ত সরকারি খরচে প্রতিপালনের নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৬:৩৮ এএম

ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে দুর্ঘটনার সময় বাবা-মা হারিয়ে ভূমিষ্ঠ হওয়া শিশু প্রাপ্তবয়স্কা হওয়া পর্যন্ত সরকারি খরছে ক্ষতিপূরণ, ভরণপোষণ ও প্রতিপালনের  নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী কানিজ ফাতেমা তুনাজ্জিনার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করা হয়। আবেদনকারীর আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন বলেন, দুয়েক দিনের মধ্যে সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। আবেদনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ সচিব, সড়ক পরিবহন সচিব, বিআরটিএকে (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) বিবাদী করা হয়েছে।

আইনজীবী জানান, ওই শিশুর কল্যাণ, প্রতিপালন ও ভরণপোষণ নিশ্চিত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না এ মর্মে রুলের আরজি জানানো হয়েছে। একই সঙ্গে শিশুটির প্রতিপালন নিশ্চিত করতে একটি কমিটি গঠন এবং সময়ে সময়ে কমিটির কাছে প্রতিবেদনের নির্দেশনা চাওয়া হয়েছে।

গত শনিবার বিকেলে ত্রিশালে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নার স্বাস্থ্য পরীক্ষা করতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যান। এ সময় তাদের সঙ্গে ছিল ছয় বছরের শিশু সানজিদা। একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করে ঢাকা-ময়মনসিংহ সড়ক পার হচ্ছিলেন তারা। এ সময় বেপরোয়া একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যান। তবে দুর্ঘটনার সময় মায়ের পেট চিরে ভূমিষ্ঠ হয় ফুটফুটে এক কন্যাশিশু। দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটির বাম হাত ভেঙে যায়। স্থানীয় একটি হাসপাতালে নবজাতকের চিকিৎসা চলছে এবং সুস্থ আছে।

মর্মান্তিক এ ঘটনা ও ভূমিষ্ঠ শিশুটিকে নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। ব্যারিস্টার মাহসিব হোসাইন দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনাটি মানুষকে নাড়া দিয়েছে। মানবিক কারণে এ আবেদনটি করা হয়েছে যাতে ওই শিশুটি প্রাপ্তবয়স্ক পর্যন্ত কোনোরকম আর্থিক সংকটে না ভোগে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত