চলে গেলেন ভারতের প্রখ্যাত গজলশিল্পী ভূপিন্দর সিং। দিল ঢুনঢতা হ্যায়, নাম গুম জায়েগা, এক আকেলা ইস শহর মে র মতো জনপ্রিয় অনেক গানের এই গায়ক গতকাল সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান। ৮২ বছর বয়সী ভূপিন্দর বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
গতকাল তার স্ত্রী মিতালী সিং ভারতের আনন্দবাজার পত্রিকাকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। মিতালী জানান, নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। কিছু দিন ধরে মূত্রনালিতে সমস্যা দেখা দিয়েছিল। ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এসময় তার করোনাভাইরাস সংক্রমণও ঘটেছিল। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
১৯৪০ সালে ভারতের পাঞ্জাবের অমৃতসরে জন্ম ভূপিন্দরের। পাঁচ দশকের ক্যারিয়ারে মহম্মদ রফি, রাহুল দেব বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ির মতো সব মহারথীর সঙ্গে কাজ করেছিলেন তিনি। গত শতকের আশির দশকে ময়মনসিংহের মেয়ে সংগীতশিল্পী মিতালী মুখার্জিকে বিয়ে করেন ভারতীয় এই সংগীতজ্ঞ, যিনি পরে মিতালী সিং নাম নেন।
গজল ছাড়াও বলিউড সিনেমায় নিয়মিত প্লেব্যাক করতেন ভূপিন্দর। মাসুম, সত্তা পে সত্তা, আহিস্থা আহিস্থা, হকিকতসহ বিভিন্ন সিনেমায় তার গাওয়া গান বেশ জনপ্রিয় হয়।
তার মৃত্যুতে বিশিষ্ট সংগীতশিল্পী পঙ্কজ উদাস আনন্দবাজার পত্রিকাকে বলেছেন, ‘ভূপিন্দরজি আমার বড় দাদা ছিলেন। ওর গায়ন রীতি, কণ্ঠস্বর সবার থেকে আলাদা। ফের সংগীত দুনিয়া অভিভাবকহীন হলো। ফের দেশ তার আরও এক কৃতী সন্তানকে হারাল।’
মিতালী-ভূপিন্দরের গাওয়া ‘যেটুকু সময় তুমি থাক পাশে’ গানটিও দুই বাংলায় বেশ জনপ্রিয়।
