হাওরে নিখোঁজ পল্লীবিদ্যুৎ কর্মকর্তার লাশ উদ্ধার

আপডেট : ২০ জুলাই ২০২২, ১২:৪১ এএম

কিশোরগঞ্জের মিঠামইনে ইটনা-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের দ্বিতীয় সেতুর পাশে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া পল্লীবিদ্যুৎ কর্মকর্তা মো. হুসাইন (২৫) এর লাশ ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে সেতুর কাছে বক্স কালভার্ট থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নিখোঁজ হন। মো. হুসাইন সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে মিঠামইন পল্লীবিদ্যুৎ জোনাল অফিসে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরহাসান গ্রামের নূর হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৩ জুলাই মো. হুসাইন বিয়ে করেন। এর চারদিন পর গত রবিবার কর্মস্থল মিঠামইনে যোগদান করেন। পরদিন সোমবার বিকেলে হুসাইন অলওয়েদার সড়কের দ্বিতীয় সেতুর পূর্ব পাশে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত