চলচ্চিত্র পরিচালক সিংগাইরের কাজল আরেফিন আর নেই

আপডেট : ২০ জুলাই ২০২২, ১১:৪৭ এএম

আশির দশকের সাড়া জাগানো সিনেমা 'সুরুজ মিয়া'র পরিচালক দেওয়ান কাজল আরেফিন আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।

দেশ রূপান্তরকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল। 

তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করে চলছেন বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
গুণী এ পরিচালক মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামের মৃত দেওয়ান হেলাল উদ্দিনের মেঝ ছেলে। পৈত্রিক বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে হলেও বাবার চাকরির সুবাদে জামালপুরে থাকাকালীন ১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরেই জন্মগ্রহণ করেন কাজল আরেফিন। দীর্ঘ দিন ধরে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। গত মার্চে স্ত্রীকে নিয়ে দেশে আসেন।

তার পরিচালিত সুরুজ মিয়া সিনেমার নায়ক ও অভিনয়শিল্পী তারিক আনাম খান বলেন, অসম্ভব গুণী একজন পরিচালক ছিলেন কাজল আরেফিন। তার মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। তার আত্মা শান্তিতে থাকুক।

সুরুজ মিয়া সিনেমাটি ১৯৮৪ সালে মুক্তি পায়। সিনেমাটিতে তারিক আনাম খানের নায়িকা ছিলেন রোজিনা। এ ছাড়া অভিনয় করেছেন গোলাম মোস্তফা ও সুবর্ণা মোস্তফা।

কাজল আরেফিন বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো, সূর্য দীঘল বাড়ি, গোলাপি এখন ট্রেনে ও ভাত দে।

বুধবার (২০ জুলাই) বাদ যোহর কলাবাগান বাক্কাতিল মুবারাকাহ্ জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে গুলশানে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত