খালেদা জিয়া বিষয়ে প্রধানমন্ত্রীকে কানাডার পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যানের চিঠি

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৭:২২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে অংশগ্রহণের সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার পররাষ্ট্র এবং আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ভাইস চেয়ারম্যান স্টিফেন বারজেরন এমপি।

গত ১০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে এ আহ্বান জানান কানাডার পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান। চিঠির একটি অনুলিপি বৃহস্পতিবার দেশ রূপান্তরের হাতে আসে। যা পাঠিয়েছেন কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী। 

চিঠির শুরুতে খালেদা জিয়ার ক্রমঅবনতিশীল স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে স্টিফেন বারজেরন বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগের বিষয়টি জানাতে কানাডার পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান হিসেবে চিঠিটি আপনাকে লিখলাম (শেখ হাসিনাকে)। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তবে আমি উদ্বিগ্ন যে বিষয়টা নিয়ে তা হলো- একজন সাবেক প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) সঙ্গে যে ধরনের আচরণ রাষ্ট্রপক্ষ করছে তা নিয়ে। এ নিয়ে ২০১৯ সালে একটি রিপোর্ট প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেখানে তার ক্রমঅবনতিশীল স্বাস্থ্য এবং বন্দিদশার বিষয়টি তুলে ধরা হয়।’

চিঠিতে বলা হয়, ২৯ নভেম্বর ২০২১ আন্তর্জাতিক গণমাধ্যমে আল জাজিরা খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করে। তাতে বলা হয়, হার্ট ফেইলর, আথ্রাইটিস, ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন। তা ছাড়া লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া। দিনের পর দিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, কারণ তার সাজা ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে না পারার কারণে। 

চিঠিতে স্টিফেন বারজেরন আরো বলেন, সর্বশেষ যে রিপোর্ট আমরা জানতে পেরেছি তাতেও খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার উন্নতির কোনো খবর জানা যায়নি। 

তিনি আরো বলেন, যদি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি ঘটে তবে তিনি যাতে ওই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি আহ্বান জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত