টেসলা গাড়িতে গেইম খেলার সুযোগ ইতিমধ্যেই চালু আছে। ‘কাপহেড’ এবং ‘সনিক দ্য হেজহগ ১’-এর মতো গেইমগুলো খেলা যায় টেসলা গাড়িতে বসেই। এবার গাড়িতে গেইমিংয়ের পরিধি আরও বাড়ানোর ইঙ্গিত দিলেন মাস্ক। তার প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে কাজ করছে এবং সামনের মাসেই এর ডেমো দেখা যেতে পারে বলে টুইট করেছেন তিনি।
গেইমাররা টেসলা গাড়িতে বসেই স্টিমে কেনাকাটা করতে পারবেন কি না, বা প্ল্যাটফর্মটির কোনো গেইম টেসলা গাড়ির গেইমিং সেবা থেকে বাদ পড়বে কি না, সে বিষয়গুলো এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। এর আগে টেসলা মডেল এস এবং মডেল এক্স-এ ‘সাইবারপাংক ২০৭৭’ এবং ‘দ্য উইচার’ গেইম দুটি আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইলন মাস্ক। উভয় গাড়িতেই আছে এএমডি রাইজেন প্রসেসর এবং এএমডি আরডিএনএ ২ জিপিইউ।
এমন পরিস্থিতিতে গাড়িতে স্টিম প্ল্যাটফর্মের সমন্বয় হলে মাস্কের প্রতিশ্রুতি সত্যি হওয়ার পথ আরও সুগম হবে বলে উঠে এসেছে ভার্জের প্রতিবেদনে।
মাস্ক ফেব্রুয়ারি মাসেই টুইট করেছিলেন, তার কোম্পানি ‘নির্দিষ্ট টাইটেলের বদলে স্টিমের সব গেইম টেসলা খেলার উপযোগী করতে কাজ করে চলেছে’। অর্থাৎ, টেসলার গাড়িতে কেবল নির্দিষ্ট কয়েকটি গেইম খেলার সুযোগ তৈরি না করে, স্টিম প্ল্যাটফর্মের ব্যয়বহুল গেইমসহ সব গেইম আনতে চান মাস্ক। তবে, গেইমিংয়ের প্রশ্নে একাধিকবার নীতিমালা নিয়ে জটিলতা তৈরি করেছে টেসলা। প্রথমে গাড়ি পার্ক করা অবস্থায় চালকদের গেইম খেলার সুযোগ দিত বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা কোম্পানিটি। এরপর নিরাপত্তা নিশ্চিতকরণ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে গাড়ি চলমান থাকা অবস্থাতেও গেইম খেলার সুযোগ দিয়েছে তারা। সর্বশেষ, যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)’-এর কঠোর সমালোচনার মুখে আবার নীতিমালা পাল্টে আগের অবস্থায় ফেরত গিয়েছে কোম্পানিটি। এখন কেবল পার্ক করা অবস্থাতেই গেইম খেলা যায় টেসলার গাড়িতে।
