কে-টু জয় করলেন ওয়াসফিয়া

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৬:১৭ এএম

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু জয় করেছেন ওয়াসফিয়া নাজরীন। গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে ওয়াসফিয়ার কে-টু জয়ের খবর নিশ্চিত করেছে। ১০ বছর আগে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছিলেন ওয়াসফিয়া নাজরীন। এরপর বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গও জয় (সেভেন সামিট) করেন ওয়াসফিয়া।

বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গের মধ্যে কে-টুর (৮৬১১ মিটার) অবস্থান এভারেস্টের (৮৮৪৮ মিটার) পরই। উচ্চতায় কম হলেও পর্বতারোহীদের কাছে এভারেস্টের চেয়ে কঠিন পর্বত কে-টু জয়। ১৯৫৪ সাল থেকে মাত্র ৪২৫ জন এটির চূড়ায় উঠেছেন, যার মধ্যে মাত্র ২০ জন নারী।

গত ১৭ জুলাই রাতে ৩৯ বছর বয়সী ওয়াসফিয়া কে-টুর চূড়ায় ওঠার জন্য যাত্রা শুরু করেন। বিখ্যাত তিন পর্বতারোহী মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা ও নির্মল পুরজা এ অভিযানের নেতৃত্ব দেন।

গতকাল ওয়াসফিয়ার সঙ্গে নিজ দেশের প্রথম নারী হিসেবে কে-টু জয় করেছেন ইরানে আফসানেহ হেসামিফার্ড, পাকিস্তানের সামিনা বেগ ও লেবানিজ-সৌদি নাগরিক নেলি আত্তার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত